Top News

বিসিক শিল্পনগরীতে সয়াবিন তেলে ভেজাল: ৫০ হাজার টাকা জরিমানা

 

মৌলভীবাজার বিসিক শিল্পনগরীতে ভেজাল সয়াবিন তেলের অভিযোগে লক্ষী এডিবল প্রোডাক্ট লি. কারখানায় সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান চলছে ছবি : জিএম টেলিভিশন 

নিউজ ডেস্ক:
মৌলভীবাজার বিসিক শিল্পনগরীতে অবস্থিত লক্ষী এডিবল প্রোডাক্ট লি. কারখানায় ভেজাল সয়াবিন তেল উৎপাদনসহ নানা অনিয়মের অভিযোগে যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ। অভিযানে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে এ অভিযান পরিচালিত হয়। এর আগে র‌্যাবের গোয়েন্দা নজরদারিতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির বিএসটিআই লাইসেন্স দুই বছরেরও বেশি সময় ধরে নবায়ন করা হয়নি। এছাড়া ৫ লিটার, ২ লিটার, ১ লিটার ও অর্ধলিটারের বোতলে ওজনে কম দেওয়া হচ্ছিল। আরও অভিযোগ প্রমাণিত হয় যে, পাম তেলের সঙ্গে সয়াবিন তেল মিশিয়ে বাজারজাত করা হচ্ছিল।

এসব অনিয়মের দায়ে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রইচ আল রেজুয়ান প্রতিষ্ঠানটির মালিককে এই দণ্ড প্রদান করেন।

অভিযানকালে উপস্থিত ছিলেন র‌্যাব-৯ শ্রীমঙ্গল সিপিসির অধিনায়ক আরিফুর রহমান খান, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার তানভিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Post a Comment

Previous Post Next Post